SAVE Exclusive News

ঝিনাইদহে বাল্যবিবাহ রোধে সাংবাদিকদের নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সম্পৃক্ত করতে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের পদ্মা সমাজকল্যাণ সংস্থার সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন Service and Vision for Edify (SAVE)।

সংগঠনটির নির্বাহী পরিচালক আয়শা সিদ্দীকার সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাব-এর সাবেক সভাপতি এম রায়হান, সিনিয়র সাংবাদিক বিমল কুমার সাহা এবং সেভ’র ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান সিদ্দিক।

বান্ধব ডেনমার্কের সহযোগিতায় আয়োজিত এ সভায় কিশোরী মেয়েদের অধিকার রক্ষা, বাল্যবিবাহের কুফল সম্পর্কে সমাজে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করা হয়। বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা কিশোরীদের স্বাস্থ্য, শিক্ষা ও মানসিক বিকাশে মারাত্মক প্রভাব ফেলে। এ সমস্যা প্রতিরোধে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সভায় বাল্যবিবাহের ঘটনা প্রকাশ, সচেতনতামূলক প্রতিবেদন তৈরি এবং প্রশাসন ও সমাজের সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।

এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রায় ৩০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ অবস্থান থেকে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আশ্বাস দেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, সাংবাদিকদের সম্মিলিত উদ্যোগে ঝিনাইদহ জেলায় বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আসবে।

Source: Reporters24

Leave A Comment